ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট
মানিকগঞ্জে সাবেক এমপি নাঈমুর দুর্জয় ৪ দিনের রিমান্ডে
আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে চারদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের আদেশ দেন।
আদালতে হাজির করার সময় কোর্ট চত্বরে বিক্ষুব্ধ জনতা দুর্জয়ের দিকে ডিম ছুড়ে মারেন।
সকাল থেকেই বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় মানুষ আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তারা দুর্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান দেন। আদালত চত্বরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।
বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব জানান, ২৪ সালের আগস্টে একাধিক মামলার পর আত্মগোপনে চলে যান দুর্জয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
সাবেক এই এমপির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ উঠেছে—দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে ১১ কোটি ২১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে তিনি ৪ কোটি ২২ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলেও তদন্তে উঠে এসেছে।
এ ছাড়া তার বিরুদ্ধে জমি, বাড়ি, গাড়ি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগসহ বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুপুর ৩টার দিকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাসে করে দুর্জয়কে আদালতে তোলা হয়। শুনানিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ুন কবির। দুর্জয়ের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০০১ সালে বাংলাদেশ জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন দুর্জয়। পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে এমপি নির্বাচিত হন।
অভিযোগ রয়েছে, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় বিভিন্ন ব্যবসা, নিয়োগ-বাণিজ্য এবং মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। স্বেচ্ছাসেবক লীগের জেলা সাধারণ সম্পাদক আবুল বাশার তার অন্যতম সহযোগী ছিলেন, যিনি এসব অপকর্মের কমিশন দুর্জয়কে পৌঁছে দিতেন।
Posted ৮:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Desh24.News | Azad