ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট
আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। ড্রেনের পাশ দিয়ে চলাচলের সময় অনেকেই নাক চেপে ধরছেন, আবার কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করছেন।
এলাকাবাসীর অভিযোগ, থানা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ড্রেনটি নির্মাণের পর থেকে আজ পর্যন্ত নিয়মিত পরিষ্কার করা হয়নি। ফলে ড্রেনে বালু ও ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশনব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ড্রেনের পানি নদীর দিকে প্রবাহিত না হয়ে উপচে বাজারের সড়কের ওপর দিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। এতে দুর্গন্ধের পাশাপাশি চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দুর্গন্ধের কারণে অনেকে ড্রেনের পাশের রাস্তা দিয়ে চলাচলও বন্ধ করে দিয়েছেন।
দুর্গন্ধের মধ্যেই বাধ্য হয়ে ব্যবসা পরিচালনা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ড্রেনের নোংরা পানি জমে উপজেলা সদরের মসজিদে যাওয়ার রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি নিচু হওয়ায় দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়েই মুসল্লিদের নামাজ আদায় করতে মসজিদে যেতে হচ্ছে।
স্থানীয় ঔষধ ব্যবসায়ী মো. কাজল মিয়া বলেন, উপজেলা সদর হাটটি ইজারা দেওয়া হলেও বাজারের উন্নয়নে তেমন কোনো কাজ হচ্ছে না। সময়মতো ড্রেন পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
সাইকেল মেরামতকারী মো. মিজান মিয়া বলেন, আশপাশের বাসাবাড়ির নোংরা পানি এসে রাস্তায় জমে থাকছে। দুর্গন্ধযুক্ত নোংরা পানির কারণে দোকানে বসে কাজ করতেও অসুবিধা হচ্ছে।
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, এ সমস্যা নিয়ে অনেকেই তাঁর কাছে অভিযোগ করেছেন। তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৬:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Desh24.News | Azad